পাংশায় চাচার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

- প্রকাশের সময় : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 108
রাজবাড়ীর পাংশায় জোর পূর্বক পৈত্রিক জমি দখল ও ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রবিউল মোল্লা ও তার পরিবার। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামছুদ্দিন মোল্লা, চুন্নু মোল্লা, সালাম মোল্লা, জাহানারা খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
ভুক্তভোগী রবিউল মোল্লা জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৪ শতাংশ জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে তার ছোট চাচা বিল্লাল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা চলছে। প্রথমে আমরা মামলায় রায় পেলেও পরে চাচা আপিল করে রায় নিজের পক্ষে নিয়ে আসে। পরে হাইকোর্টে আপিল করি। বর্তমানে এ বিষয়ে হাইকোর্টে আপিল মোকর্দ্দমাটি বিচারাধীন রয়েছে। এর মধ্যেই সে জোরপূর্বক আমাদের জমির গাছ কেটে ফেলেছে এবং বসতঘর ভেঙে ফেলেছে।
অভিযুক্ত বিল্লাল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের অভিযোগ মিথ্যা। জমির রায় আদালতে আমার পক্ষেই হয়েছে। তারা যদি হাইকোর্ট থেকে রায় এনে দেখাতে পারে, তাহলে আমি জমি ছেড়ে দেবো।
তিনি আরও বলেন অনেকদিন ধরে ওরা আমার জমি দখল করে রেখেছিল আদালতের রায় আমার পক্ষে আসার পর আমি জমিতে যাই। আমি জোর করে নয় বরং নিজের জমিতে রায়ের আলোকে নিজের জায়গা পরিস্কার করছি।
মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন থাকায় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সঠিক বিচার দাবি করেছেন।

























