কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

- প্রকাশের সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 3
রাজবাড়ীর কালুখালীতে রেলওয়ের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ওহাব বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ কাজে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বাণিজ্যিক লিজ নেওয়ার দাবি করলেও তা অস্বীকার করেছেন রাজবাড়ীর কানুনগো। এদিকে স্থাপনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।
সরেজমিনে দেখা যায়, কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের রেলওয়ের ২২২/৮ নম্বর খুঁটির সামনে কৃষিজমিতে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। এ সময় কর্মরত শ্রমিকেরা জানান, রতনদিয়া গ্রামের মৃত কনিরদ্দিন বিশ্বাসের ছেলে ওহাব বিশ্বাস এ স্থাপনা নির্মাণ করছেন।
কাজের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন ওহাব বিশ্বাসসহ কয়েকজন। এ সময় তাঁরা সাংবাদিকদের ওপর চড়াও হন বলেও অভিযোগ রয়েছে। পরে পরিস্থিতি শান্ত হলে ওহাব বিশ্বাস দাবি করেন, ৩০ হাজার টাকার বিনিময়ে রাজবাড়ীর কানুনগো কার্যালয় থেকে ওই জমির বাণিজ্যিক লিজ পেয়েছেন তিনি। তবে লিজের কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ওহাব বিশ্বাস আরও দাবি করেন, কানুনগো কার্যালয়ের চারজন কর্মকর্তা তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছেন। পূজার ছুটির মধ্যেই স্থাপনা নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে এসব দাবির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ বিষয়ে রাজবাড়ীর কানুনগো কার্যালয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কানুনগো জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কালুখালীর রতনদিয়া গ্রামের ওহাব বিশ্বাস নামে কাউকে ওই জমি লিজ দেওয়া হয়নি। কেউ অবৈধভাবে জোরপূর্বক রেলওয়ের জমি দখল করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাজারমূল্যে দখল করা জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।




















