গোয়ালন্দ উপজেলা বিএনপি
যৌথসভা অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 117
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির যৌথসভাকে অবৈধ ও গঠনতন্ত্রবহির্ভূত দাবি করেছে গোয়ালন্দ উপজেলা, পৌর ও বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা। মঙ্গলবার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে গত সোমবার গোয়ালন্দ কমিউনিটিসেন্টারে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে ‘উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভা’ অনুষ্ঠিত হয়। তবে বর্তমান অনুমোদিত বিএনপি কমিটি বলছে, এ সভায় যারা অংশ নিয়েছেন, তারা সকলে পদহীন এবং অনেকেই দীর্ঘদিন নিষ্ক্রিয়। এমনকি আওয়ামী লীগ থেকে আগত ব্যক্তিরাও এ সভায় উপস্থিত ছিলেন বলে দাবি করেন বক্তারা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ বলেন, এ ধরনের সভা দলের গঠনতন্ত্রের লঙ্ঘন। দলের অনুমোদিত কমিটি ছাড়া অন্য কেউ এ ধরনের সভা আয়োজনের অধিকার রাখে না। তৃণমূল বিএনপি এসব অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানায়। রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে অনুমোদিত এবং সকল ইউনিট কমিটি যথাযথভাবে কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির আদর্শ ও শৃঙ্খলা ভেঙে কেউ ব্যক্তিস্বার্থে বিভাজনের চেষ্টা করলে দলীয় কর্মীরা তা কখনোই মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মোল্লা, সহ সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল প্রমূখ।


























