গোয়ালন্দে রাস্তা নির্মাণ কাজে বাধা, বিপাকে ৫০ পরিবার
- প্রকাশের সময় : ০৬:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 80
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়ায় নির্মাণাধীন একটি রাস্তার কাজ বন্ধ করে দিয়ে প্রবেশ মুখে ঘর নির্মাণ করে স্থানীয়দের চলাচল বন্ধ করে দিয়েছেন মো. রব শেখ নামের এক ব্যক্তি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের ৫ শতাধিক মানুষ।
ভুক্তভোগী স্থানীয় মনির খান, মো: ইচমাইল হোসেন, মোছা: রহিমা বেগম, সবুজ খান শিমুল, সূচনাসহ অনেকেই জানান, বরকত শেখের বাড়ি থেকে দুলাল খানের বাড়ি পর্যন্ত চলাচলের জন্য ‘কাজের বিনিময়ে টাকা (কাবিটা)’ প্রকল্পের আওতায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল। কিন্তু হঠাৎ মো. রব শেখ রাস্তাটির মুখে একটি ছাপড়া ঘর নির্মাণ শুরু করলে কাজ বন্ধ হয়ে যায়। ফলে খানাখন্দের মধ্য দিয়ে নির্রামানাধীন রাস্তার গর্ত পেরিয়ে শিশু, নারী, বৃদ্ধ, প্রতিবন্ধীসহ এলাকাবাসীকে দুর্ভোগের মধ্যে চলাফেরা করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে নির্মিত ঘরটি অপসারণ করে রাস্তাটি উন্মুক্ত করে নির্মাণকাজ শেষ করা হোক, যাতে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।
তবে অভিযুক্ত মো. রব শেখ দাবি করেছেন, এই জমি সরকারি নয়, এটি আমার নিজস্ব সম্পত্তি। এলাকাবাসী আমার জমিতে রাস্তা করতে চায়, তাই আমি বাধা দিয়েছি এবং সেখানে ঘর তুলেছি। আমি আমার জমির মধ্য দিয়ে রাস্তা করতে দেবোনা।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, রাস্তাটি একটি চলাচলের পথ। তাই সেখানে কাজ শুরু করা হয়েছিল। কিন্তু নির্মাণকালে জমির মালিক আপত্তি তোলায় কাজ বন্ধ করতে হয়েছে। এটি একটি স্থানীয় সমস্যা। স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

























