নৌ পুলিশের অভিযানে জাটকা ইলিশসহ আটক ৩

- প্রকাশের সময় : ০৫:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 411
গত মঙ্গলবার দৌলতদিয়ার নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকা থেকে ৪ মণ জাটকা ইলিশসহ তিন জেলেকে আটক করেছে। তারা হলো দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার গ্রামের সাইদ সরদারের ছেলে নয়ন সরদার(২৭), দৌলতদিয়া ইউনিয়নের শাহাজদ্দিন পাড়া গ্রামের ওহেদ মন্ডলের ছেলে ইসহাক সরদার (৫০)ও দৌলতদিয়া ইউনিয়নের মুন্সি বাজার গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে হযরত সরদার (৭০)। পরে মৎস্য রক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দ জাটকা মাদ্রাসায় দান করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত দুই মাস যাবত গোয়ালন্দের পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত জাটকা ইলিশ মাছ শিকার চলছে। বিভিন্ন মাছের আড়ৎ ও হাট বাজারে জাটকা ইলিশ বিক্রয় করছেন অসাধু জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

























