ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস
- প্রকাশের সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 18
ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাসও ব্যবহার করা হয়।
সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে জড়ো হয়ে নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং পরে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তবে কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ায় ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, কয়েকশ মানুষ ব্যাংকের প্রধান কার্যালয় অবরোধ করায় মতিঝিলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও যান চলাচল ব্যাহত হচ্ছিল। বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। পরে আইনানুগ ব্যবস্থা হিসেবে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এ ঘটনায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।





















