ভারতের সীমান্তঘেঁষা পোরশায় গভীর রাতে সড়ক তদারকি করলেন নওগাঁ পুলিশ সুপার
- প্রকাশের সময় : ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 52
ভারতের সীমান্তসংলগ্ন নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
শনিবার (৩১ মে) গভীর রাতে পুলিশ সুপারের নেতৃত্বে সাপাহার, পোরশা, সরাইগাছি, আড্ডা ও চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তাঁর সঙ্গে সাপাহার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ, পোরশা ও সাপাহার সংলগ্ন সড়কগুলো দীর্ঘদিন ধরে মাদক পাচার এবং ডাকাতি সংঘটনের ঝুঁকিপূর্ণ পথ হিসেবে চিহ্নিত। এসব অপরাধ দমনে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার নিজেই সড়কে ডমিনেন্ট প্যাট্রোল পরিচালনা করেন।
তদারকিকালে তিনি সাপাহার, পোরশা, সরাইগাছি বাজার ও বেজোড়া বাজারসহ বিভিন্ন স্থানের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।
একই সঙ্গে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক, হেলপার ও যাত্রীদের সঙ্গে মতবিনিময় করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সাপাহার, পোরশা, সরাইগাছি ও চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ডাকাতি ও ছিনতাই কঠোরভাবে দমন করা হবে। গত কয়েক মাসে পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এসব এলাকায় সড়ক ডাকাতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যে অর্ধশতাধিক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে।”
তিনি আরও বলেন, নওগাঁ জেলায় ডাকাতির যেকোনো অপচেষ্টা জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।


















