স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দিয়ে ভাইরাল হওয়া লোকটি কে?
- প্রকাশের সময় : ০৭:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 7
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পরিদর্শনের সময় চামচে ফুঁ দিয়ে খাবার ঠান্ডা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটিতে থাকা ওই ব্যক্তিকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ওই ব্যক্তি হলেন ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট।
জানা যায়, গত ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেলে তিনি বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও খাবারের মান পরীক্ষা করেন। এ সময় তিনি নিজেও খাবার চেখে দেখেন। তখনই গরম খাবার ঠান্ডা করতে পাশে থাকা চিকিৎসক ডা. রিয়াজ চামচে ফুঁ দেন—যার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডা. রিয়াজ কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকার বাসিন্দা। তার বড় ভাই একজন যুগ্ম সচিব।
চিকিৎসক হিসেবে তিনি ৩২তম বিশেষ বিসিএসে নিয়োগ পান। কর্মজীবনের শুরুতে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দেন। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালনের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় যোগদান করেন।
রাজনৈতিকভাবে তিনি ছাত্রজীবনে কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন এবং পরবর্তীতে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঘটনা প্রসঙ্গে ডা. রিয়াজ বলেন, খাবারটি অত্যন্ত গরম থাকায় তিনি স্বাভাবিকভাবেই পাশে থেকে ঠান্ডা করার উদ্দেশ্যে ফুঁ দিয়েছিলেন। এর পেছনে কোনো তোষামোদ বা অন্য উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “মানুষ যে বিষয়টি এভাবে নেবে, সেটা ভাবিনি। ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকব।”
এ ঘটনায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।





















