খানজাহান আলীর দিঘিতে শিশুকে টেনে নিয়ে গেল কুমির
- প্রকাশের সময় : ০১:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 16
বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে গোসল করার সময় ফাতেমা আক্তার (৮) নামের এক কন্যাশিশুকে কুমির টেনে নিয়ে গেছে।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা শুরু করেছেন।
নিখোঁজ ফাতেমা আক্তার পথশিশুর মতো জীবনযাপন করত। তার মা মানসিক ভারসাম্যহীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শিশুটি মাজারের দিঘির ঘাটে গোসল করতে নামে। এ সময় হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির শিশুটির ওপর আক্রমণ করে এবং তাকে টেনে দিঘির গভীর পানিতে নিয়ে নিখোঁজ হয়ে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
খানজাহান আলী (রহ.) মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি দিঘির পানিতে নামার পরপরই কুমিরের আক্রমণের শিকার হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দিঘির বিশাল আয়তন এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার পর মাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।





















