ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন
- প্রকাশের সময় : ১০:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 89
ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকালে শহরের শের-ই-বাংলা সড়কে ইসলামী ব্যাংকের সামনে ‘সচেতন গ্রাহক’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক গ্রাহক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি এবং লাখো গ্রাহকের আমানত ঝুঁকির মুখে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, দেশের বিপুল সংখ্যক প্রবাসী ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। চলমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে প্রবাসীরা এ ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো কমিয়ে দিতে পারেন, যা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সালফী আব্দুর রহমান, সদস্য সচিব আব্দুল মোমেন, জিয়াউল ইসলাম খান, মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আলতাফ হোসেন, নূরজাহান সাত্তার, ইয়াসমিন আরা, রিজিয়া বেগম ও ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুবুর রহমান।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।























