ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ
- প্রকাশের সময় : ০৬:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 32
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজ শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল (১৯) হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে আসামিদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, আব্দুল হেলিম, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী ও শামছুল হক।
এছাড়া, এই মামলায় খালেদা আক্তার এবং রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২১ সালের ৩১ মে রাত ১১টা পর তারাকান্দার পলাশকান্দা গ্রাম থেকে নিখোঁজ হন ময়মনসিংহের শিক্ষার্থী ইকবাল। তখন তার বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানা অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ৫ জুন পুলিশ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে। এ মামলায় আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণে এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।




















