রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

- প্রকাশের সময় : ০৬:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 3

রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুপুরের খাবারের বিরতিতে সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে অফিসের বাইরে চলে যাওয়ায় দপ্তরের সব কক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগ উঠেছে। এ সময় অফিসের মূল ফটক খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলোতে তালা ঝুলতে দেখা যায়। এতে জরুরি প্রয়োজনে দপ্তরে আসা সেবাপ্রত্যাশীদের ভোগান্তিতে পড়েন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খাবারের বিরতিতে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একযোগে অফিসের বাইরে রয়েছেন। নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ কার্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ থাকায় দাপ্তরিক কার্যক্রম কার্যত বন্ধ ছিল।
অফিসের মূল ফটক খোলা থাকলেও ভেতরে নির্বাহী প্রকৌশলীসহ কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। তবে মূল ফটক দিয়ে প্রবেশের পর ভবনের বাইরে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় কার্যালয়ের অফিস সহায়ক মো. ফিরোজ শরিফকে। প্রতিবেদক বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করলেও এর মধ্যে দুপুরের বিরতিতে বাইরে যাওয়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয়ে ফিরতে দেখা যায়নি।
সরকারি দপ্তরে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষকে আসতে হয়। বিশেষ করে জরুরি কাজে কেউ অফিসে এলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির কারণে তাঁকে অপেক্ষা করতে হয়, এমনকি ফিরে যেতে হয়। এতে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারেন।
সচেতন মহলের মতে, দুপুরের খাবারের বিরতি সরকারি চাকরিজীবীদের স্বাভাবিক অধিকার। তবে সব কর্মকর্তা-কর্মচারীর একসঙ্গে অফিস ত্যাগ করা এবং সব কক্ষ তালাবদ্ধ রাখার বিষয়টি জনসেবা প্রদানের ক্ষেত্রে প্রশ্নের জন্ম দেয়। এ সময় অন্তত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা হলে সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ কমানো সম্ভব।
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আতিয়ার রহমান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সব সচেতন মানুষ চাই, সরকারের প্রতিটি দপ্তর যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে। এটি নিশ্চিত না করলে মানুষের ভোগান্তি থেকেই যাবে।’
এ বিষয়ে রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ বলেন, ‘আজ আমার দপ্তরের দুজন কর্মকর্তা-কর্মচারী ছুটিতে ছিলেন। অন্যদের অফিসে থাকার কথা ছিল। তবে দুপুরে সবার একসঙ্গে অফিসের বাইরে থাকা এবং কক্ষগুলো তালাবদ্ধ রাখার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও ভুল হয়েছে।’
জনস্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিকেরা।























