নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০২:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 1

নওগাঁ সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একদল ডাকাত নওগাঁ সদর থানার চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলামের অটোরিকশার গ্যারেজে ডাকাতি করে। ডাকাতেরা গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ভয়ভীতি দেখিয়ে গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও ডিবি পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।
তদন্তের ধারাবাহিকতায় এর আগে শাহজাহান নামে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতা ও অন্য সহযোগীদের শনাক্ত করে পুলিশ।
এরপর গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ১৬ নভেম্বর ভোরে সাঘাটা থানা এলাকা থেকে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। অপরদিকে, একই ঘটনায় জড়িত সন্দেহে আমিনুর (৪৫) নামের আরেক ব্যক্তিকে সাঘাটা উপজেলার গাছবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি হেক্সা ব্লেড, তালা কাটার একটি চায়নিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি একধারবিশিষ্ট সিনথেটিক বা প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের ফলার ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং একটি রশি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















