সংসদে কৃষকদের ‘মূর্খ’ বলে বিতর্কের মুখে এমপি, অতঃপর…

- প্রকাশের সময় : ১০:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 32

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কৃষকদের ‘মূর্খ’ বলে অভিহিত করে বিতর্কের জন্ম দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তাঁর এমন শব্দচয়নের বিষয়ে সংসদে তাৎক্ষণিক আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরে চিফ হুইপের আপত্তি ও যুক্তি বিবেচনায় নিয়ে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি এক্সপাঞ্জ (বাদ) করার ঘোষণা দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অনলাইনে আবেদন করে খাদ্যগুদামে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনা চলছিল। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ। ফলে অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
তাঁর এমন বক্তব্যের পরপরই সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়নের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, আমাদের শব্দের ব্যাপারে খেয়াল রাখতে হবে (উই হ্যাভ টু গার্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ)।
চিফ হুইপ আরও বলেন, গ্রামের অনেক কৃষক হয়তো প্রাতিষ্ঠানিক পড়াশোনা জানেন না কিংবা দাপ্তরিক কাগজপত্র বুঝতে তাঁদের সমস্যা হতে পারে; তবে দেশের অধিকাংশ কৃষক কোনোভাবেই ‘মূর্খ’ নন। এ সময় তিনি ডেপুটি স্পিকারের কাছে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার (এক্সপাঞ্জ করার) অনুরোধ জানান।
চিফ হুইপের বক্তব্য ও যুক্তি বিবেচনায় নিয়ে তাঁর সঙ্গে একমত পোষণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি পর্যবেক্ষণে বলেন, মূল প্রশ্নের সারমর্ম অত্যন্ত যুক্তিসঙ্গত। পরে ডেপুটি স্পিকার সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ ঘোষণা করেন।

























