এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

- প্রকাশের সময় : ০৭:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 21

এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এই পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানো হবে। পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি, তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি তা নয়। আগামীতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণের পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। তিনি উল্লেখ করেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বিশ্বে মানবসম্পদই সবচেয়ে বড় সম্পদ, তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।
শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ড. মিলন জানান, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন, সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম থেকে আসার কথা জানিয়েছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, তাই এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।’ এ সময় তিনি শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর না হয়ে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।























