কালুখালীর বড় কলকলিয়া বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

- প্রকাশের সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 6

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বাজারে এ কার্যক্রম শুরু করেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. ওসমান গণি মন্ডল।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চাল নিতে বাজারে ভিড় করেন উপকারভোগীরা। তালিকাভুক্ত কার্ডধারীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করেন। বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে ডিলার ও স্থানীয়রা সহযোগিতা করেন।
প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সঠিক মাপে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।
ডিলার মো. ওসমান গণি মন্ডল জানান, তাঁর অধীনে মোট ৫৫৬ জন কার্ডধারী রয়েছেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সবার মধ্যে চাল বিতরণ করা হবে। কেউ বাদ পড়বেন না।
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, বাজারে চালের দাম বেশি। এ সময়ে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাওয়ায় তাঁদের অনেক উপকার হচ্ছে। এতে সংসারের খরচ কিছুটা হলেও কমবে।
স্থানীয়রা মনে করছেন, সরকারের এ কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণের ফলে নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন। কর্মসূচি অব্যাহত থাকলে দরিদ্র মানুষের আর্থিক চাপ কিছুটা কমবে।
























