মধুখালীতে থানা ভাঙচুর মামলায় নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

- প্রকাশের সময় : ০৫:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 29

ফরিদপুরের মধুখালীতে থানা ভাঙচুর মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মধুখালী উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাবেক জিএস ও মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু এবং কামারখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পলাশ বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে মধুখালী বাজার থেকে কামরুজ্জামান পিন্টু এবং কামারখালী বাজার থেকে পলাশ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মোক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামরুজ্জামান পিন্টু বর্তমানে আওয়ামী লীগের কোনো পদে নেই।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, কামরুজ্জামান পিন্টু ও পলাশ বিশ্বাসকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















