‘প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে পাংশা’- সংসদ সদস্য হারুন-অর-রশিদ
- প্রকাশের সময় : ০৭:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 130
প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাবে রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।
বুধবার সকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ও ‘৩১ দফা’র মধ্যে ‘ফ্যামিলি কার্ডের’ বিষয়টি ছিল। তারই ধারাবাহিকতায় সারাদেশে ১৪ উপজেলার মধ্যে পাংশাকে পাইলট প্রকল্পের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে পরিবারগুলোর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ শুরু হয়েছে। এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে সরে না গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে সাদর অভ্যর্ত্থনা জানান জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় স্থানীয় সরকার উপ পরিচালক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


























