রাজবাড়ীতে একুশে বই মেলা উদ্বোধন
- প্রকাশের সময় : ০৭:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 124
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ বই মেলা উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বিপিএম সেবা, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি জাতির ইতিহাসে গভীর শোক ও বেদনার, একই সাথে গৌরব ও ঐতিহ্যের। ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির ভাষার প্রতি ভালোবাসা ও আত্মপরিচয়ের এক অনন্য নিদর্শন। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ভাষাই আমাদের আত্মার পরিচয়, ভাষাই আমাদের স্বাধীনতার ভিত্তি।
বক্তারা আরও বলেন, এই বইমেলা আমাদের সাহিত্য-সংস্কৃতির ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যায়। বই আমাদের কেবল জ্ঞান দেয় না। বই আমাদের মানবিক করে, যুক্তিবাদী করে, মুক্তচিন্তার পথ দেখায়। আজকের এই ডিজিটাল যুগে যখন তথ্য আমাদের হাতের মুঠোয়, তখনও মুদ্রিত বইয়ের আবেদন ও গুরুত্ব অমলিন। একটি বই হাতে নিয়ে পড়ার যে অনুভূতি তা আমাদের চিন্তাকে গভীর করে। মননকে শাণিত এবং মূল্যবোধকে দৃঢ় করে। তরুণ প্রজন্মকে বইয়ের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কারণ বইই ভবিষ্যতের সবচেয়ে বিশ্বস্ত সহযাত্রী।
























