বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৭:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 3
যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি শফিয়ার রহমান শফিকে (৫২) গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তার শফিয়ার রহমান শফি বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা পরিশোধ না করায় বেনাপোলের আর বি ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী এইচ এম আবুল বাশার শফিয়ার রহমান শফির বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী ও আর বি ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী এইচ এম আবুল বাশার বলেন, ভারত থেকে বৈধভাবে আমদানি করা পণ্যের ভ্যাট-ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য শফিয়ার রহমান শফি তার প্রতিষ্ঠান থেকে কমিশনের ভিত্তিতে ২১ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু প্রায় তিন বছর অতিবাহিত হলেও তিনি ওই টাকা পরিশোধে নানা গড়িমসি করতে থাকেন। একপর্যায়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আদালতে মামলা করেন তিনি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে শফিয়ার রহমান শফিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে যশোরের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।























