পাংশায় পৃথক অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই

- প্রকাশের সময় : ০৬:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 179
রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় পৃথক দুই অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাত ও শনিবার দুপুরে এসব ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে পাংশা উপজেলা পরিষদের সামনে পরপর তিনটি দোকানে আগুন লাগে। ক্ষতিগ্রস্তরা হলেন—আব্দুল মজিদ মোল্লার ফার্নিচারের দোকান, শহিদুল ইসলামের চায়ের দোকান এবং আরিফ বিশ্বাসের চায়ের দোকান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাংশা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আব্দুল মজিদ মোল্লার ফার্নিচারের দোকানে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। শহিদুল ইসলামের দোকানে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা এবং আরিফ বিশ্বাসের দোকানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি আব্দুল মোড়ে খালেক শেখের বাড়িতে আগুন লাগে। এতে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
সংবাদ পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক খালেক শেখ জানান, এ ঘটনায় নগদ এক লাখ টাকাসহ মোট প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখানেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

























