ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

- প্রকাশের সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 10

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজারসহ আরও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চিৎকার শুনে এগিয়ে এলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।
পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে কী কারণে এ হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

























