পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

- প্রকাশের সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 6

রাজবাড়ীর পাংশায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ সদস্য মো: হারুন-অর-রশিদ । এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, উপজেলা বিএনপির কোষাধাক্ষ রুহুল আমিন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
মাসব্যাপী এ প্রশিক্ষণে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দশ ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নেয়।






















