কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

- প্রকাশের সময় : ০৪:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 2

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও রপ্তানির সম্ভাবনা বাড়ানোর প্রত্যয়ে রাজবাড়ীর কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন। সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান ও কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি মো. রফিকুল ইসলাম আতিক। এ ছাড়া পোল্ট্রি খামারি মো. জিল্লু রহমান, ভ্যাকসিনেটর, স্থানীয় বিভিন্ন খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়। পাশাপাশি চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে খামারিদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ এবং মানসম্মত উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। এ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বাড়ানো সম্ভব।
আয়োজকেরা জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, কালুখালী, রাজবাড়ী যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।























