হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

- প্রকাশের সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 2

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালকও রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যানচালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।
হাইওয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।






















