গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

- প্রকাশের সময় : ১১:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 3

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ ও থানা পুলিশ কাজ করছে।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।























