একটা রুমও ছিল না, ধানমন্ডি লেকই ছিল ই-ক্যাবের অফিস—রাজিব আহমেদ

- প্রকাশের সময় : ০৮:১৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 6

২০১৪ সাল। ঢাকায় তখনো থ্রি-জি ইন্টারনেট ঠিকমতো চলে না, ফোর-জি দূরের কথা। এমন সময় কয়েকজন মানুষ মিলে ঠিক করলেন, দেশের ই-কমার্স খাতের জন্য একটা সংগঠন দরকার। কিন্তু সংগঠন করতে কমপক্ষে সাতটি প্রতিষ্ঠান লাগে আর সভাপতি হতে রাজি কেউ নেই। শেষ পর্যন্ত দায়িত্বটা নিলেন এমন একজন, যিনি নিজে কোনো দিন ই-কমার্স ব্যবসা করেননি। তাঁর পরিকল্পনা ছিল সহসভাপতি হয়ে বক্তৃতা দেবেন, গবেষণা করবেন। ২০১৪ সালের ৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সেই মানুষ রাজিব আহমেদ। ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি। জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘সার্চ ইংলিশ’-এরও প্রতিষ্ঠাতা তিনি। ই-ক্যাবের এক যুগ পূর্তির মাসে প্রথম আলোর কার্যালয়ে বসে তিনি কথা বলেছেন তরুণ উদ্যোক্তা, এ খাতের বর্তমান সংকট ও ঢাকার বাইরের সম্ভাবনা নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন রাহিতুল ইসলাম।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
শুরু থেকেই শুরু করি। ই-ক্যাব গড়ার ভাবনাটা এল কীভাবে?
রাজিব আহমেদ: ২০১৪ সালের মাঝামাঝি সময়ে আবদুল ওয়াহেদ তমাল, শাহেদ আলী আর আমি—তিনজন মিলে ঠিক করলাম, একটা অ্যাসোসিয়েশন করা দরকার। পরে আরও কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত হলো। কিন্তু তখন কমিটি বানানোর লোকই ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। একটা অ্যাসোসিয়েশন করতে কমপক্ষে সাতটি ট্রেড লাইসেন্স বা সাতটি প্রতিষ্ঠান লাগে। সাতজনকে এক করা গেলেও কেউ সভাপতি হতে আগ্রহী ছিলেন না। আমি কোনোকালেই ই-কমার্স ব্যবসায়ী ছিলাম না, এখনো নই। তাই ভাবনা ছিল, আমি হব সহসভাপতি আর সভাপতি হবেন খাতের কোনো প্রবীণ মানুষ। কয়েকজনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কেউ রাজি হননি। কারণ দুটো। এক, তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের আরেকটি ট্রেড অ্যাসোসিয়েশনের দিক থেকে একধরনের চাপ ছিল। দুই, তখন একটা ঘর নেই, কাগজ নেই, কলম নেই, শূন্য থেকে দাঁড় করানোই চ্যালেঞ্জ। সভাপতি হওয়ার ইচ্ছা আমার কখনো ছিল না। আমি লেখাপড়া করতে পছন্দ করি। ভেবেছিলাম, সহসভাপতি হয়ে এখানে-ওখানে বক্তৃতা দেব, গবেষণা করব। সেসব গবেষণা এখন ২০২৬ সালে এসে করছি। শেষে সাতজন পাওয়া গেল, ফেসবুকে আস্তে আস্তে আরও মানুষ এলেন। ২০১৪ সালের ৮ নভেম্বর প্রেসক্লাবে আনুষ্ঠানিক ঘোষণা হলো। সাংবাদিক আর আইটি খাতের মানুষ মিলিয়ে ২০০ জনের মতো ছিলেন। কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ কাউকে পাওয়া যায়নি। অনেকে হয়তো ভেবেছিলেন, কয়েকজন মিলে কিছু একটা করছে। তখন থ্রি-জি ইন্টারনেটই ভালো ছিল না, ফোর-জি তো পরের কথা।
সেই প্রতিকূল সময়ে সভাপতি হিসেবে কমিটিতে আপনার ভূমিকা ঠিক কী ছিল?
ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব
রাজিব আহমেদ: ইসি কমিটির অন্য সদস্যরা করপোরেট কোম্পানির সঙ্গে যোগাযোগ, সরকারি পর্যায়ে দৌড়ঝাঁপ—এগুলো ভালো করেছেন। আমি বুঝলাম, ৮-১০টা বা ২০টা কোম্পানি নিয়ে অ্যাসোসিয়েশন হলে ই-কমার্স খাত কোনো দিন দাঁড়াবে না। আমি শুরু থেকেই বলেছিলাম, এক মেয়াদ সভাপতি থাকব, দ্বিতীয়বার দাঁড়াব না। তখন ভাবলাম, আমাদের লক্ষ্য যে সদস্যরা, তাঁরা আসলে থাকেন কোথায়? প্রথমত, ফেসবুকে। দ্বিতীয়ত, তাঁরা টেলিভিশন দেখেন না, ইউটিউব-ফেসবুকে ভিডিও দেখেন। অন্য ব্যবসার একটা জায়গা আছে, সফটওয়্যারের জন্য কারওয়ান বাজার, হার্ডওয়্যারের জন্য আইডিবি ভবন বা এলিফ্যান্ট রোড। ই-কমার্সের সে রকম কোনো জায়গা নেই। উদ্যোক্তাদের ৯০ শতাংশের অফিস নেই; ঘরে বসে ওয়েবসাইট বা ফেসবুক পেজ খুলে ব্যবসা করেন। বেশির ভাগের বয়স ২০ থেকে ৩০। তাঁদের এক করা বিশাল চ্যালেঞ্জ। তাই ই-ক্যাবের ফেসবুক গ্রুপে তাঁদের অ্যাড করতে শুরু করলাম। একটানা ৩০ ঘণ্টাও সময় দিয়েছি, ঘুমাইনি।
অফিসই তো ছিল না। সদস্যদের সঙ্গে দেখা করতেন কোথায়?
রাজিব আহমেদ: ই-ক্যাবের তখন অফিস ছিল না। ধানমন্ডি লেক হয়ে গেল আমার অফিস। ঢাকার বিভিন্ন জায়গা, এমনকি বিভিন্ন জেলা থেকে ফেসবুক গ্রুপের সদস্যরা সেখানে দেখা করতে আসতেন। তখন ৯০ শতাংশই ছেলে, মেয়ে প্রায় ছিল না। কেউ উত্তরা থেকে এসেছেন, কেউ নিজের ওয়েবসাইট দেখাতে এসেছেন। আমার বিরুদ্ধে তখন একটা অভিযোগ ছিল, ই-ক্যাবের সভাপতি সারা দিন ফেসবুকে পড়ে থাকেন কেন? বাংলাদেশে প্রায় ৪০০ ট্রেড অ্যাসোসিয়েশন আছে, কোনোটির সভাপতি এমন করেন না। কিন্তু ওই গ্রুপই ই-ক্যাবকে দাঁড় করিয়েছে। ২০১৫ সালের ৩ জানুয়ারি শুরু করলাম স্কাইপ আড্ডা। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলত, সবার জন্য উন্মুক্ত ও বিনা মূল্যে। আমি ব্যবসার খুঁটিনাটি জানতাম না, তাই অভিজ্ঞ কয়েকজনও যোগ দিতেন। কারও কুরিয়ার সার্ভিসের সমস্যা, কেউ জানতে চাইতেন ফেসবুক পেজে বিজ্ঞাপন কীভাবে দেবেন। আমরা পথ দেখাতাম, এখানে যান, অমুকের সঙ্গে কথা বলুন। ঢাকার উত্তরা, বনানী, ধানমন্ডিসহ নানা এলাকায় আমি নিজে গিয়ে প্রতি মাসে আড্ডার আয়োজন করতাম। লোক বেশি হলে বড় রেস্তোরাঁ, কম হলে ছোট কোনো জায়গা। আরেকটা উদ্যোগ ছিল ই-ক্যাবের ব্লগ। কোনো অ্যাসোসিয়েশনের তখন ব্লগ ছিল না, এখনো নেই। ই-কমার্সের যত তথ্য তখন পাওয়া যেত, সবই আমেরিকান বইপত্র বা ওয়েবসাইটের। অথচ বাংলাদেশের ই-কমার্স অনেক আলাদা। এখানে অ্যামাজন বা আলিবাবার মতো প্রতিষ্ঠান কখনো ছিল না, এখনো নেই। দেশে কয়েক হাজার কোটি টাকার কোম্পানি অনেক আছে, অথচ ই-কমার্সে আমরা কয়েক শ কোটি টাকার ঘরই পেরোতে পারিনি। আর সবচেয়ে বড় পার্থক্য ক্যাশ অন ডেলিভারি। অনলাইনে অর্ডার দিয়ে পণ্য হাতে পেয়ে টাকা দেওয়া, অন্য কোনো দেশে এতটা আছে কি না, আমার জানা নেই। এতে কুরিয়ার থেকে টাকা পাওয়া, পণ্য ফেরত, গ্রাহকের অভিযোগ, নানা ঝামেলা সামলাতে হয়।
























