কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

- প্রকাশের সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 9

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মেকাইল ইসলাম (২৫), রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০), সাদেক মোল্লা (২৩) ও রিফাত তাজ (১৫)। গুরুতর আহত মেকাইল শেখ (২৫) ও রিফাত তাজকে (১৫) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দ্রা-রাধাগঞ্জ গ্রামের যুবকেরা ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। রোববার চৌরখুলী একাদশ ও উত্তরপাড়া একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা চলছিল। খেলার একপর্যায়ে উত্তরপাড়া একাদশের এক খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দিলে খেলোয়াড়দের সঙ্গে রেফারি ও কমিটির লোকজনের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে কমিটির লোকজন ক্ষিপ্ত হয়ে উত্তরপাড়া একাদশের খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা চালান।
উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম বলেন, ‘খেলার মধ্যে আমাদের দলের এক খেলোয়াড়কে চৌরখুলী একাদশের এক খেলোয়াড় ঘুষি ও লাথি মারেন। এর প্রতিবাদ করলে কমিটির লোকজন আমাদের ওপর হামলা চালান। হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ বলেন, ‘আমরা কাউকে মারধর করিনি। খেলা দেখতে আসা সমর্থকরা তাদের মারধর করেছে। আমাদের ওপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।






















