সময়ের বীজ

- প্রকাশের সময় : ১০:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 16

যে সময় গিয়েছে চলে, হারায়েছে বেদনার অতীত হয়ে
সময়ের ইতিহাস এখন বলছি যারে,
প্রাগৈতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক আমরা ছিলাম
কোন না কোন ভাবে আমরা ছিলাম
কোন না কোন জন্মে আমিও ছিলাম
হয়তো মানুষ -পশুপাখি-বনবিড়াল,
হয়তো দোয়েল বা শালিকের শিষে আমাদের প্রাণ ছিল
হাজার হাজার জন্মের পোকামাকড়ের ভীড়ে
কীটেদের ভীড়ে
জীবাণুর ভীড়ে
আমরা ছিলাম- সময়ের ইতিহাসে দেখতে পাই
জন্মের জন্মান্তরের গন্ধ পাই,
যে সময় মিশে গেছে ধূলির ভিতরে
যে সময় মিছে হয়েছে আমাদের অজ্ঞাতসারে
সিন্ধু-মিশরীয়-ব্যাবিলন যেখানে ছিল না
আমরা ছিলাম গোধূলি হয়ে
রাত্রির অন্ধকারের ভিতর পেঁচাদের চোখে প্রাণ নিয়ে
আমরা বসে ছিলাম
আমরা ছিলাম যে সময় চলে গেছে
যে সময় হারায়েছে বেদনার অতীত হয়ে- –
প্রাগৈতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক আমরা ছিলাম
সময়ের বীজ হয়ে।
কৈলাসের মানস সরোবরে-গঙ্গার ঢেউয়ের ছন্দে
সমুদ্রের গর্জনে আমাদের শ্বাস ছিল
লেখক: কবি ও সাহিত্যিক এবং সহকারী শিক্ষক, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।
























