নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

- প্রকাশের সময় : ১০:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 2
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. নাহিদ ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৫৭/৪-আর থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার পাথরকাটা এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. নাহিদ ইসলাম ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর উদ্ধার করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ।





















