কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

- প্রকাশের সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 4
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০টি বাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন রেজাউল ইসলাম ওরফে রেজা ডাকাত। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি ও তাঁর সমর্থকেরা এলাকায় ফিরে আসেন। এরপর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ সৃষ্টি হয়।
এরই জেরে সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় রেজাউল ইসলামের সমর্থকেরা হামলা চালান বলে স্থানীয়রা জানান। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে হতাহতের পাশাপাশি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেদেপল্লিতে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে তিনি বলেন, এলাকার রাজনৈতিক নেতা ও বেদেপল্লির নেতাদের সঙ্গে সন্ধ্যায় বসে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।























