হাজারো ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন

- প্রকাশের সময় : ১০:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 3
‘হাজারো ডিসেম্বর চলে যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না’—এমন মন্তব্য করেছেন ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ অন্যায় করেছে এবং গণহত্যা চালিয়েছে। তাদের আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার কোনো সুযোগ নেই। ৫ আগস্ট সাধারণ জনগণ আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে। সেই আওয়ামী লীগকে দেশের জনগণ আর কখনো স্বাগত জানাবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন—এ কথা পাগলেও বিশ্বাস করবে না। হাজারো ডিসেম্বর চলে যাবে, কিন্তু শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করবে—এটাই প্রত্যাশা। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের পরিবেশ সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলফিকার আলী, তবিবুর রহমান মিনি, এস এম শামসুল আলম, ইসরাইল হোসেন জীবন, বাহারুল ইসলাম কাজল, হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।























