বাটলারের ক্যান্সারের খবরে বিষণ্ন বাংলাদেশের মেয়েরা

- প্রকাশের সময় : ০৪:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 2

সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে চট্টগ্রামে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন। সেই প্রস্তুতির মধ্যেই হঠাৎ আসা একটি খবরে যেন থমকে গেছে পুরো দল। ক্যান্সারে আক্রান্ত প্রধান কোচ পিটার বাটলার। যার হাত ধরে আন্তর্জাতিক ফুটবলে একের পর এক সাফল্য পেয়েছেন বাংলাদেশের মেয়েরা, সেই মানুষটির অসুস্থতার খবর মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। মাঠের লড়াইয়ে যতই দৃঢ় থাকুন, প্রিয় কোচের এমন দুঃসংবাদে আবেগ সামলাতে পারছেন না ফুটবলাররা।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
বাটলারের অসুস্থতার খবরটি আগে থেকে জানতেন না জাতীয় দলের ফুটবলাররা। সংবাদমাধ্যমের খবর থেকেই বিষয়টি জানতে পারেন তারা। তাতে চট্টগ্রামে চলমান অনুশীলন ক্যাম্পে নেমে এসেছে বিষণ্নতা। সাবেক অধিনায়ক ও ডিফেন্ডার আফঈদা খন্দকার জানিয়েছেন, দলের সবাই প্রিয় কোচের সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।
চট্টগ্রামের অনুশীলন ক্যাম্প থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে আফঈদা বলেছেন, ‘আমরা সবাই মানসিকভাবে শক্ত। তারপরও খুব খারাপ লাগছে। কারণ ক্যান্সার অনেক বড় একটি রোগ। আমরা সবাই মন থেকে স্যারের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।’
বাটলারের অসুস্থতার বিষয়টি অবশ্য ফুটবলারদের কাছে প্রথমে স্পষ্ট ছিল না। হঠাৎ ইংল্যান্ডে চলে যাওয়ার পরই তারা জানতে পারেন, কোচ অসুস্থ। তবে সেটি যে ক্যান্সারের মতো গুরুতর কিছু, এমন ধারণা ছিল না কারও।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
আফঈদার ভাষায়, ‘ক্যাম্প শুরুর এক-দুই দিন আগে স্যার হঠাৎ ইংল্যান্ডে চলে যান। এরপর আর অনুশীলনে আসেননি। সেদিন আমরা জানতে পারি, তিনি অসুস্থ এবং ইংল্যান্ডে কিছু পরীক্ষা করাবেন। ভেবেছিলাম, পরীক্ষার পর জানতে পারব তার কী হয়েছে। কিন্তু গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। আগে জানালে হয়তো আমরা মানসিকভাবে ভেঙে পড়তাম।’
প্রধান কোচের অনুপস্থিতিতে নারী জাতীয় দলের দায়িত্ব সামলাতে এরই মধ্যে এরিক মারেকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আপাতত এক মাসের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি তদারক করবেন এই কোচ।
মারেকে নিয়োগ দেওয়ার ঘোষণার পাশাপাশি বাটলারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে বাফুফে। অসুস্থতা কাটিয়ে ইংলিশ এই কোচ আবারও দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।























