কোহলির ভুল ধরিয়ে দিতে সাহস সঞ্চয় করতে হয়েছিল কোচের

- প্রকাশের সময় : ১০:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 2

একজন ব্যাটসম্যান বারবার একই ভুল করছেন। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে বারবার ব্যাটের কানায় লাগিয়ে ধরা পড়ছেন। প্রতিপক্ষের বোলাররা সেটা বুঝে ফেলেছেন। এমন পরিস্থিতিতে কোচের কাজ কী? ভুলটা ধরিয়ে দেওয়া? নাকি তারকা ব্যাটসম্যানের মেজাজ বুঝে চুপ করে থাকা?বিরাট কোহলির ক্ষেত্রে প্রশ্নটা ছিল আরও কঠিন। কারণ, তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন। তাঁকে ভুল ধরিয়ে দিতে গেলেও প্রয়োজন যথেষ্ট সাহস, সঠিক সময় এবং কথাটা বলার উপযুক্ত ভাষা।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
অস্ট্রেলিয়া সফরে কোহলির ব্যাটিংয়ের দুরবস্থার সময় এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। তাঁর কথায়, কোহলির সঙ্গে সেই আলোচনা শুরু করার আগে তাঁকে বেশ কিছুটা সাহস সঞ্চয় করতে হয়েছিল।সম্প্রতি টকস্পোর্ট ক্রিকেট পডকাস্টে টেন ডেসকাট বলেছেন, আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের ক্ষমতা বেড়ে যাওয়ায় অনেক কোচই এখন তারকা ক্রিকেটারদের ভুল ধরিয়ে দিতে দ্বিধা করেন। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, অনেক কোচই কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে ভয় পান। কারণ, সেটাকে এমনভাবে দেখা হতে পারে যে আপনি নিজের চাকরির যৌক্তিকতা প্রমাণ করতে চাইছেন, কিংবা অযথা হস্তক্ষেপ করছেন, অথবা শুধু বলার জন্যই বলছেন। একজন খেলোয়াড়কে সাহায্য করবে এমন পরামর্শ দেওয়া আর তাকে বিভ্রান্ত করে ফেলার মধ্যে ভারসাম্য রাখতে হবে।’
কোহলির সঙ্গে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নেদারল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেছেন, কোচ হিসেবে অন্য কারও প্রতিক্রিয়ার ভয়ে সঠিক কথাটা বলতে পিছিয়ে থাকতে চান না তিনি। অস্ট্রেলিয়া সফরের চতুর্থ টেস্টে কোহলির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন ডেসকাট। বারবার অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে আউট হওয়ার বিষয়টি তাঁর চোখে পড়েছিল। শেষ পর্যন্ত কোহলির সঙ্গে কথা বলার সাহস করেন। ফলটা ছিল ইতিবাচক। টেন ডেসকাট বলেন, ‘চতুর্থ টেস্টে আমি তার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। সে বিষয়টি সহজভাবে নিয়েছিল। আসলে সে নিজেও চাইছিল, কেউ তার সঙ্গে এ বিষয়ে কথা বলুক।’
বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
তবে কোহলির মতো একজন খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আলোচনা কতটা স্পর্শকাতর, সেটিও বুঝতেন টেন ডেসকাট। তাঁর মতে, একজন কোচ যদি কোনো তারকা খেলোয়াড়ের ভুল সরাসরি ধরিয়ে দেন, সেটি তাঁর নিজের জন্যও ঝুঁকির কারণ হতে পারে, ‘আমার মনে হয়, বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়ের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলা এবং কী ঘটছে, সেটি প্রায় সরাসরি ধরিয়ে দেওয়া একজন কোচের জন্য বিপজ্জনক হতে পারে। কীভাবে কথাটা বলছেন, কীভাবে বিষয়টি তুলে ধরছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ।’তবে কোচের কাজ যে খেলোয়াড়কে নিজের মতো করে খেলতে বাধা দেওয়া নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন টেন ডেসকাট। কোহলি কেন ওইভাবে শট খেলতে চাইছেন, সেটি আগে বুঝতে চেয়েছিলেন তিনি। টেন ডেসকাটের ভাষায়, ‘আপনাকে একমত হতেই হবে, এমন নয়। একজন খেলোয়াড় বলতে পারে, এই কারণগুলোতে আমি বল বাউন্স করার আগেই ড্রাইভ করতে চাই। বিরাটের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সে কেন ওইভাবে খেলতে চায়, তা বিস্তারিত বুঝিয়েছিল। এরপর সেই অনুযায়ী কিছু পরিবর্তন আনা যায়।’
সময় নির্বাচনও ছিল গুরুত্বপূর্ণ। কারণ, একজন ব্যাটসম্যানের টেকনিক নিয়ে ভুল সময়ে কথা বললে তাঁর আত্মবিশ্বাস ও মনোযোগে প্রভাব পড়তে পারে। বিশেষ করে সামনে যখন মিচেল স্টার্কের মতো দ্রুতগতির বোলার অপেক্ষা করছেন। টেন ডেসকাট বলেছেন, ‘সব সময় একটা ঝুঁকি থাকে, আপনি হয়তো তার মানসিক অবস্থা নষ্ট করে দিতে পারেন। ধরুন, সে খুব ভালো অবস্থায় আছে। এখন আপনি গিয়ে বললেন, পুল করার সময় সে বলের ওপর থেকে চোখ সরিয়ে নিচ্ছে। টেকনিক্যালি আপনি হয়তো চাইছেন, সে আরেকটু বেশি সময় বলের দিকে তাকিয়ে থাকুক। কিন্তু এখন সে পুল শট নিয়ে ভাবতে শুরু করল। এরপরই তাকে গিয়ে মিচেল স্টার্কের বল খেলতে হবে। সেটা এমন কথা বলার সময় নয়।’
শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’






















