মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

- প্রকাশের সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 4

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপে সীমিত পরিসরে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হামলাকে বড় কোনো সামরিক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ ধরনের সীমিত হামলা এর আগেও গোপনে পরিচালিত হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন এই সামরিক পদক্ষেপ আবারও মনে করিয়ে দিচ্ছে, ইরান পরিস্থিতির এখনো কোনো সমাধান হয়নি। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়ে গেছে।
এমন এক সময়ে হামলাটি চালানো হলো, যার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে।
সোমবার (২ নভেম্বর) একই ধরনের বক্তব্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের তিনি জানান, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বা সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র ও ইরান কিছুটা অগ্রগতি অর্জন করেছে।
























