গুরুত্বপূর্ণ সংবাদ:
মা নিখোঁজ, বাবা মৃত; পেটে টিউমার নিয়ে কাতরাচ্ছে আড়াই বছরের এতিম জুনাইদ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১০:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 10

শরীরের মাংস শুকিয়ে অস্থিচর্মসার, অথচ পেটের ভেতরের টিউমারটি ফুলে উঠেছে অস্বাভাবিকভাবে। মাত্র আড়াই বছর বয়সেই পেটে টিউমার, কিডনিতে জটিলতা এবং হৃদ্যন্ত্রে ছিদ্রসহ নানা মরণব্যাধির সঙ্গে লড়ছে এতিম শিশু জুনাইদ। অসহ্য শারীরিক যন্ত্রণায় দিনরাত শুধুই কান্না করছে সে। কিন্তু সেই কান্না থামানোর মতো পাশে নেই বাবা কিংবা মা। অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে এই নিষ্পাপ শিশুটি।
পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহের বাসিন্দা জুনাইদের মা সুলতানা আক্তার মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। এরপর স্ত্রীর নিখোঁজ হওয়ার শোক সইতে না পেরে কিছুদিন পরই মারা যান বাবা পাপ্পু মিয়া। বাবা-মাকে হারিয়ে শিশু জুনাইদের ঠাঁই হয় তার অসহায় নানি শিউলি বেগমের কাছে। এর কিছুদিন পরই শিশুটির পেটে অস্বাভাবিক ফোলাভাব দেখা দেয় এবং পরীক্ষায় ধরা পড়ে মারাত্মক টিউমার ও অঙ্গপ্রত্যঙ্গের জটিলতা। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে হলে অতি দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে হবে।
তবে জুনাইদের নানি শিউলি বেগমের বাস্তব অবস্থা অত্যন্ত হৃদয়বিদারক। তাঁর সাত সদস্যের পরিবারে স্বামী ও দুই ছেলেসহ মোট চারজনই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। পুরো পরিবারটির অন্ন জোগানোর একমাত্র অবলম্বন ছিলেন এই বৃদ্ধা। অন্যের বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে কোনোমতে সবার খাবার জোগাড় করতেন তিনি। কিন্তু গুরুতর অসুস্থ নাতিকে কোলে নিয়ে দিনরাত চিকিৎসকের কাছে ছোটাছুটি করতে গিয়ে এখন সেই আয়ের পথটিও বন্ধ হয়ে গেছে। পরিবারে চারজন প্রতিবন্ধী থাকা সত্ত্বেও এখনও মেলেনি কোনো সরকারি প্রতিবন্ধী ভাতা।
প্রতিবেশীদের সামান্য সাহায্য-সহযোগিতায় যেখানে দুমুঠো ভাত জোগাড় করাই কঠিন, সেখানে নাতির উন্নত চিকিৎসার লাখ লাখ টাকা জোগাড় করা বৃদ্ধ নানির পক্ষে দুঃস্বপ্নের মতো। ফলে টাকার অভাবে থমকে গেছে চিকিৎসা, আর চোখের সামনে একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়ছে আড়াই বছরের জুনাইদ।
অসহায় নাতির জীবন বাঁচাতে কান্নাজড়িত কণ্ঠে নানি শিউলি বেগম বলেন, “আমার তো আর কেউ নেই। এতিম বাচ্চাটাকে বাঁচানোর সামর্থ্যও আমার নাই। আপনারা যদি একটু দয়া না করেন, তবে আমার নাতিটা আর বাঁচবে না।” ফুটফুটে এই শিশুটিকে নতুন জীবন দিতে এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকার ও সমাজের সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
Tag :





















