নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

- প্রকাশের সময় : ১১:২২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 4

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সোলার এক্সপো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এবং করতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে এই সোলার এক্সপোর আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সোলার এক্সপোতে দেশের বিভিন্ন এলাকা থেকে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তরুণ কর্মীদের অংশগ্রহণ প্রমাণ করে, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনার খাত নয়, বরং এটি একটি অনিবার্য বাস্তবতা।
























