রাস্তায় নিথর শিশু, কোলে আরেক শিশুকে নিয়ে মায়ের কান্না

- প্রকাশের সময় : ০৯:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 13

কুমিল্লার দেবীদ্বারে মায়ের সঙ্গে চিকিৎসকের কাছ থেকে ফেরার পথে দ্রুতগতির ট্রাকচাপায় মোসা. মিনহা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছোটশালঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মিনহা অসুস্থ থাকায় তাকে নিয়ে তার মা জুলেখা আক্তার দেবীদ্বার উপজেলার ছোটশালঘরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে সেখান থেকে মেয়েকে নিয়ে দেবীদ্বারে ডাক্তারের কাছে যান মা। চিকিৎসা শেষে ছোটশালঘর বাসস্ট্যান্ডে এসে তারা গাড়ি থেকে নামেন। এ সময় মিনহা দৌড়ে রাস্তা পার হতে গেলে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করেন।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















