ভালোবাসার চিহ্ন
- প্রকাশের সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 3
এখনো ড্রেসিং টেবিলের একপাশে-ঝরা পাতার
মতো পড়ে আছে তোমার চিরুনি,
একগুচ্ছ কবিতার মতো চিরুনিতে জড়িয়ে
আছে তোমার দিঘল ভ্রমর কালো চুল।
চিরুনিতে জড়ানো চুল খুলতে গিয়েও খুলিনি।
কেননা, ওটা ধরতেই আমি অনুভব করলাম
তোমার আঙুলের সে-ই উষ্ণ স্পর্শ।
আয়নায় চোখ পড়তেই দেখি,
গোধূলির আবির রাঙা সূর্যের মত উজ্জ্বল
লাল একটা টিপ লেগে আছে তাতে,
টিপটা তুলতে গিয়েও তুলিনি।
এ টিপ তো তোমার কপালে এমন ভাবেই
জ্বলজ্বল করতো, যে কপালে আমার আদ্র
ওষ্ঠের ভালোবাসার স্পর্শ লেগে আছে।
যে ওষ্ঠ কপাল থেকে ধীরে ধীরে মুদিত নয়ন ছুঁয়ে
খেলা করতো-তোমার শিহরিত ওষ্ঠাধারে।
পিছনে ফিরে তাকাতেই চোখে পড়ল, দেওয়ালে
ঝোলানো তোমার স্মিত হাসিমাখা সে-ই ছবি।
পরনে নীলাম্বরী,গলায় মতিহার, খোঁপায় বেলি ফুল,
ছবিটি দেওয়াল থেকে নামাতে গিয়েও নামাই নি।
এ সাজের দিনে তুমি আমায় জড়িয়ে অনেকক্ষণ
বুকের ওম দিয়েছিলে, বেলি ফুলের সৌরভে
আমরা ভেসেছিলাম সে দিন দারুণ উচ্ছ্বাসে।
অনেক দিন হলো তুমি আমায় ছেড়ে চলে গেছো,
কেন চলে গেলে ? কোন অভিমানে ?
তার সঠিক উত্তর পাইনি আজও।
আমা হতে তুমি ছা-ড়া-তে কি পেরেছো তোমায় ?
চিরুনির কালো চুলে, কপালের লাল টিপে,
ছবির স্মিত হাসিতে, তুমি আজও আছো পরাবাস্তবে।
জানি তুমি আর ফিরবে না, গড়েছো নতুন আলয়,
প্রেম-ভালোবাসা ওসব কি কিছু নয় ?
জয়ী তুমি,
আমি মেনে নিয়েছি আমার নিজস্ব পরাজয়।






















