পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ

- প্রকাশের সময় : ১০:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 3

সরকারি চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি সংগঠনটির সদস্য।
শুক্রবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন।
তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওসি মনজুর কাদেরের আইনজীবী সমিতির সদস্যপদের বিষয়টি সামনে আসে। পুলিশের চাকরিতে থেকেও কেন তিনি সদস্যপদ বহাল রেখেছেন, তার ব্যাখ্যা চেয়ে গত ২৬ অক্টোবর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক আরও জানান, সরকারি চাকরিতে থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা সংগঠনের বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সমিতি সূত্রে জানা গেছে, আইন পেশায় নিয়মিত যুক্ত না থেকেও সদস্যপদ বহাল রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এতে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরিরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ২২ অক্টোবর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পরই ওসির আইনজীবী সমিতির সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়।























