তুরাগ নদে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার মরদেহ

- প্রকাশের সময় : ১১:১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 11

নিখোঁজের এক দিন পর রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদ থেকে ওই সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার করেন টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে অভিযান চালায় টঙ্গী নৌপুলিশ। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়।
পরে উদ্ধার হওয়া আইফোনের সূত্র ধরে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। তার ঠিকানা রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে দেশত্যাগের একটি ভিডিও তাহসিফ সৌরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।




















