জামায়াতের সাবেক রুকনকে এনসিপির আহ্বায়ক করায় বিতর্ক, চার ঘণ্টায় পদত্যাগ

- প্রকাশের সময় : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 29

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক করা হয়েছে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবদুল মান্নানকে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত ২৩ সদস্যের সুবর্ণচর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ছয় মাসের জন্য এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে চরবাটা আইডিয়াল মাদরাসার পরিচালক আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করা হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত আহ্বায়ক আবদুল মান্নান একসময় জামায়াতে ইসলামীর সুবর্ণচর শাখার রুকন ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে আবদুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি।
সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন বলেন, ‘আবদুল মান্নানের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি আমাদের দলের কেউ নন। অনেক আগেই তাঁর রুকন পদ বাতিল হয়েছে। দীর্ঘ এক বছর তাঁর পদ স্থগিত ছিল। পরে তিনি নিজের ইচ্ছায় এনসিপিতে যুক্ত হয়েছেন। বিষয়টি নিয়ে আমাদের কিছু বলার নেই।’
এদিকে কমিটি অনুমোদনের পর মঙ্গলবার রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।
পোস্টে তিনি লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
পরে মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম জানান, উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি।
কমিটি গঠনের আগে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ না করায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দিদারুল আলম। প্রাথমিকভাবে ফেসবুকে ঘোষণা দিলেও শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত করবেন তিনি।
এ বিষয়ে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলমের পদত্যাগসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি এখনো পাননি তিনি। বিষয়টি খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানাবেন।



















