নওগাঁয় ইয়াবাসহ নারী গ্রেফতার, আটক আরও ৮
- প্রকাশের সময় : ০৭:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 5
নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। একই অভিযানে মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির ওসি মো. হাসিবুল্লাহ হাসিব ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে দুইটি দল অভিযানে অংশ নেয়।
গ্রেফতার নারী বাশফোর (৪৫) নওগাঁ সুইপার কলোনির বাসিন্দা। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক সেবন ও প্রকাশ্যে জনউপদ্রব সৃষ্টির অভিযোগে কালাম (৪৭), সুইট (৩২), রতন (৪৭), সালাউদ্দিন (২৩), নাহিদ ইসলাম (৩৯), আরিফ হোসেন (৩০), রিকো (৩৯) ও জাফর আলী (৩৬)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে। নুনিয়াপট্টি ও সুইপার কলোনিকে মাদকমুক্ত করতে গত এক মাসে অন্তত ১০টি অভিযান চালানো হয়েছে। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।





















