নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’
- প্রকাশের সময় : ০৮:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 10
নাটকের সংলাপ, অভিনয় আর মঞ্চের আলোয় শুক্রবার সন্ধ্যায় প্রাণবন্ত হয়ে উঠল রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি। নাট্যচর্চার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে নাট্য সংগঠন নাট্যনন্দনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাট্যোৎসব ‘নন্দনপার্বণ’।
শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা, নাট্য গবেষক ও প্রাবন্ধিক ড. বাবুল বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি, নাট্যানুবাদক ও প্রাবন্ধিক অধ্যাপক আব্দুস সেলিম।

নাট্যনন্দনের পরিচালনা পরিষদের প্রধান তপন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, রাজবাড়ী থিয়েটারের কার্যকরী সভাপতি নাসিম শফি, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম ও নাট্যনন্দনের সদস্য উচ্ছ্বাস ঘোষ প্রমুখ।
আলোচনা পর্ব শেষে রাজবাড়ীর নাট্যাঙ্গণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ নাট্য ব্যক্তিত্ব অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তদীপা কর্মকার।
উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় ফরিদপুর বিনোদন নাট্যদলের ‘নটনন্দন’ এবং মুন্সিগঞ্জের অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের ‘মন জাগরণ’ নাটক। নাটক দুটির পরিবেশনায় শিল্পীদের অভিনয়, সংলাপ ও মঞ্চায়ন উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।
আয়োজকরা জানান, নাট্যচর্চার প্রসার, শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দর্শকদের সঙ্গে মঞ্চনাটকের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় আরও নাটক মঞ্চস্থ হবে।






















