নওগাঁয় অবৈধ ইটভাটায় এক লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 45
নওগাঁর মান্দা উপজেলায় যথাযথ কাগজপত্র ছাড়াই নতুন করে ইটভাটা নির্মাণের কাজ শুরু করায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে কাগজপত্র ছাড়াই মেসার্স সালেহা ব্রিকস নামের পুরোনো ইটভাটা ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করায় কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলায় এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন জানান, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















