রাজবাড়ীতে সঙ্গীত কর্মশালায় শিশু-কিশোরদের কণ্ঠে সুরের মূর্ছনা
- প্রকাশের সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 12
রাজবাড়ীতে শনিবার দিনব্যাপী সঙ্গীত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে রাজবাড়ী শহরতলীর রামকান্তপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছায়া কর্মকার।
কর্মশালার শুরুতে তিনি বলেন, আমরা ছোটবেলা থেকে মানসিকভাবে নিজেদের তৈরি করি। আমরা যদি কিছু না শিখি তাহলে আমাদের জীবনটা রোবটের মত হয়ে যাবে। আমাদের অনেক কিছু শিখতে হবে। গান করার মহৎ উদ্দেশ্য হলো আমি শুধু ভালো থাকিনা, আমি আরেকজনকে ভালো রাখি। আরেকজনের আনন্দের উৎস আমার গান। পৃথিবীর মহৎ কাজের একটি হলো মানুষকে আনন্দ দেওয়া। গান শোনা আর গাওয়ার মধ্যে যে আনন্দ তা আর অন্য কিছুতে খুঁজে পাওয়া যায়না। এটি নির্ভেজাল আনন্দ। সঙ্গীত একটা থেরাপিও। ভারতে কিছু ক্যান্সার হাসপাতাল আছে যেখানে রোগীদের মিউজিক থেরাপী দেওয়া হয়। সঙ্গীত শিল্পীরা রোগীর কাছে গিয়ে তার হাত ধরে গান শোনায়। এতে রোগী অনেকটাই স্বস্তি লাভ করে। পরে তিনি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন গানের তালিম দেন। প্রশিক্ষণার্থীরা আনন্দের সাথে তাতে অংশ নেয়।
এর আগে সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস। উদ্বোধনী পর্ব পরিচালনা করেন রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।
কর্মশালায় রাজবাড়ী জেলার বিভিন্ন বয়সী ৭০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, ছায়া কর্মকার একাধারে যেমন গুণী সংগীত শিল্পী, পাশাপাশি তিনি প্রশিক্ষক এবং সংগঠকও। ‘ষষ্ঠ সংগীত অঙ্গন’ নামক সংগীত চর্চার সংগঠনটির পরিচালক ছায়া কর্মকার। তিনি ‘সুরের ধারা কলেজ অব মিউজিক’-এর প্রভাষক হিসেবে কর্মরত। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন-এর একজন জ্যেষ্ঠ সংগীত শিল্পী হিসাবে নিয়মিত সংগীত পরিবেশন করেন।

























