কালুখালীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০২:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 10
রাজবাড়ীর কালুখালীতে মাদকবিরোধী পৃথক মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবন ও ব্যবসার অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রাম এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেওয়ান সাগর মাহমুদ (৩০) নামে এক যুবককে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, শনিবার (৫ সেপ্টেম্বর) একই এলাকায় পৃথক আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফারুদেব সরদার (৪০)-কে গাঁজা ব্যবসার অভিযোগে হাতেনাতে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
অভিযান প্রসঙ্গে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।




















