নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশ
- প্রকাশের সময় : ০৪:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 40
নওগাঁয় অবৈধ ইটভাটা, বিশেষ করে কাঠ পোড়ানো স্থির চিমনির ইটভাটা বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। একই সঙ্গে পোড়ানো ইটের বিকল্প হিসেবে বালু, সিমেন্ট ও ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপাদানে তৈরি ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ইটভাটা মালিক সমিতির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক।
সভায় অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করা হয়। পাশাপাশি পোড়ানো ইটের পরিবর্তে বালু, সিমেন্ট, ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপাদানে তৈরি ব্লকের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।
সভায় নওগাঁর সিভিল সার্জনের প্রতিনিধি ও সরকারি প্রকৌশল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















