মান্দায় ২১০৫ লিটার চোলাই মদ তৈরির উপাদান জব্দ, গ্রেফতার ১
- প্রকাশের সময় : ০৪:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 13
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা পচনশীল ও দুর্গন্ধযুক্ত উপাদানের বড় অংশ সাক্ষীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের কসবা মান্দা গ্রামে অভিযান চালায়।
অভিযানে আমতি রানীর বাড়ি থেকে ২ হাজার ১০৫ লিটার ওয়াশ জব্দ করা হয়। জব্দ করা আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষা ও আদালতে উপস্থাপনের জন্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট পচনশীল আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সাক্ষীদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা আলামত মাটির নিচে লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় গ্রেফতার আমতি রানী এবং পলাতক আরও দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।























