জাককানইবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
- প্রকাশের সময় : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 6
‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, পরিচ্ছন্ন দেশ’ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ ও সদস্যসচিব মামুন সরকারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের হল প্রাঙ্গণ, টিএসসি-সংলগ্ন এলাকা, ড্রেন ও পরিত্যক্ত স্থানসহ বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয়।
ছাত্রদলের সদস্যসচিব মামুন সরকার বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।’
তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি প্রত্যেকের সামাজিক ও নাগরিক দায়িত্ব।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, ‘ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে চায়।’
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

























